বয়সের গুরুত্ব কোথায়?
বয়স সাধারণ একটি সংখ্যা মনে হলেও বাস্তবে এটি ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, সামাজিক অবস্থান, অধিকার ও দায়িত্ব নির্ধারণের একটি মৌলিক মানদণ্ড। রাষ্ট্রীয় ব্যবস্থার প্রায় প্রতিটি ধাপেই বয়সের নির্দিষ্ট সীমা নির্ধারিত থাকে, যা একজন ব্যক্তির জীবনের গতি ও সুযোগকে নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট বয়স ছাড়া স্কুলে ভর্তি বা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব নয়। নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়া, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট পাওয়ার মত ক্ষেত্রগুলোতেও বয়স একটি গুরুত্বপূর্ণ শর্ত। আইন ও বিচারের ক্ষেত্রে বয়সের ভিত্তিতে শিশু অপরাধী ও প্রাপ্তবয়স্ক অপরাধীর জন্য আলাদা বিচারব্যবস্থা ও শাস্তি নির্ধারিত হয়, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়। একইভাবে কর্মজীবনে প্রবেশ, অবসর, বয়স্ক ভাতা পাওয়া এবং কোনো প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রেও প্রধান একটি শর্ত হচ্ছে বয়স। এমনকি বিয়ে ও সম্মতির মতো ব্যক্তিগত সিদ্ধান্তেও রাষ্ট্র বয়সকে আইনি বৈধতার মূল উপাদান হিসেবে ব্যবহার করে।
তবে বয়সের গুরুত্ব কেবল আইনি কাঠামোতেই সীমাবদ্ধ নয়; সামাজিক পরিসরে এটি আরও জটিল ও সূক্ষ্মভাবে কাজ করে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বয়স একটি অলিখিত নিয়মের মতো কাজ করে—বয়োজ্যেষ্ঠদের ‘মুরুব্বি’ হিসেবে সম্মান দেওয়া, তাদের অভিজ্ঞতা ও মতামতকে বেশি গুরুত্ব দেওয়া আমাদের সমাজে একটি শক্তিশালী সাংস্কৃতিক চর্চা। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণেও বয়সভিত্তিক শ্রেণিবিন্যাস স্পষ্টভাবে কাজ করে। একই সঙ্গে সামাজিক মেলামেশা ও বন্ধুত্বের ক্ষেত্রেও সমবয়সীদের প্রাধান্য দেখা যায়; প্রজন্মগত ব্যবধান চিন্তা, রুচি ও মূল্যবোধে পার্থক্য তৈরি করে।
এই সামগ্রিক বয়সভিত্তিক কাঠামোর মধ্যে নারীদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল । নারীদের বয়সকে প্রায়শই তার সামাজিক মূল্য ও গ্রহণযোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত করা হয়। বিশেষত বিয়ের ক্ষেত্রে ‘কম বয়স’কে বড় একটি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষেত্রে নারীর ওপর নেতিবাচক সামাজিক ধারণা আরোপ করা হয়। পাশাপাশি নারীর বয়সকে প্রজনন সক্ষমতার সঙ্গে জুড়ে দিয়ে পরিবার ও সমাজ থেকে সন্তান নেওয়ার চাপ তৈরি হয়, যা নারীর ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তকে সংকুচিত করে।

বয়স নির্ধারণের রাষ্ট্রীয় এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি
রাষ্ট্রের কাছে বয়স হলো নাগরিকের আইনি অবস্থান নির্ধারণকারী একটি পরিসংখ্যান বা সংখ্যা। রাষ্ট্রীয় নথিপত্রে নাগরিকের যে জন্মতারিখ থাকে সেটার ভিত্তিতেই রাষ্ট্র তার বয়স নির্ধারণ করে। অর্থাৎ, বয়স নির্ধারণে রাষ্ট্র শুধু সরকারি কাগজপত্রের ওপর নির্ভর করে যেমন, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র। অপরদিকে, সামাজিক বয়স হলো অন্যদিকে, সামাজিক বয়স সংখ্যার ওপর নির্ভর করে না; এটি মানুষের জীবন অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত, যা যাপিত জীবনের স্মৃতি ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহের আলোকে নির্মিত হয়। এই সামাজিক গঠনে বয়স নির্ধারিত হয় পারিবারিক ক্রম, অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা এবং আর্থ-সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের আপেক্ষিক স্মৃতির ভিত্তিতে। এখানে স্থানীয় জ্ঞান, ব্যক্তিক সম্পর্ক এবং সমষ্টিগত স্বীকৃতির গুরুত্ব পায়। এই সামাজিক বয়স নির্ভর করে সমাজের নানান উপাদানের উপর। যেমন—
ক. ঐতিহাসিক স্মৃতি ও বয়সের হিসাব
গ্রামের মানুষ নিজের জন্মের সাল মনে রাখে না বা তার বয়স আসলে কত হলো তা মনে রাখতে পারে না, তারা মনে রাখে বড় কোনো ঘটনা। অনেকেই তাদের বয়স হিসাব করে ঐতিহাসিক কোনো ঘটনা বা বিশেষ স্মৃতি দিয়ে যেমন, গণ্ডগোলের বছর (মুক্তিযুদ্ধ) বা ৮৮-এর বন্যা কিংবা এরশাদ সরকারের আমল বা ফখরুদ্দিন সরকারের আমল কিংবা ২০০৭ এর সিডরের মত ঘটনার সাপেক্ষে। এর বাইরেও অনেক স্থানীয় ঘটনার ভিত্তিতেও মানুষ বয়স হিসেব করে। এসব ক্ষেত্রে তারা কোনো পরিচিত ঘটনা বা বড় ঘটনার সময় ধরে নিজের বয়স অনুমান করে। প্রয়োজনে বয়োজ্যেষ্ঠ বা পরিচিত মানুষের সাহায্যও নেয়। এই ক্ষেত্রগুলোতে সময় ব্যক্তিগত নয় বরং সামাজিক এবং ঐতিহাসিকভাবে নির্মিত হয়। কেউ হয়তো বলে, “আমার বিয়ের একবছর পর গণ্ডগোল শুরু হলো” কিংবা “সিডরের সময় আমি হাইস্কুলে ভর্তি হয়েছি”। এই যে ঐতিহাসিক ঘটনার সাথে নিজের জীবনের ঘটনা মিলিয়ে নেওয়া, এটিই তাদের কাছে বয়সের প্রমাণ এবং জন্মতারিখ মনে রাখার পরিবর্তে তারা এভাবেই বয়স হিসাব করে।
খ. কৃষি, প্রকৃতি ও ঋতুভিত্তিক সময়বোধ
গ্রামীণ সমাজে বয়স সাধারণত ক্যালেন্ডার বা নির্দিষ্ট সাল দিয়ে নয়, বরং কৃষিকাজ ও প্রাকৃতিক চক্রের মাধ্যমে বোঝা হয়। মানুষের জন্ম, শৈশব, যৌবন ও বার্ধক্যকে অনেকসময় ধান কাটা, বীজ বোনা, আমনের মৌসুম, কিংবা বিশেষ কোনো খরা বা অতিবৃষ্টির বছরের সাথে মিলিয়ে স্মরণ করার চেষ্টা করেন। এই প্রেক্ষিতে “ঐ বছর অনেক ধান হয়েছিল”, বা “বন্যার পরের মৌসুমে আমার বিয়ে” কিংবা “ঐসময় রমজান মাসে খুব শীত পড়েছিল”–এ ধরনের বর্ণনা বয়সের সূচক হিসেবে ব্যবহৃত করেন। বয়স এখানে একটি সংখ্যাগত মান নয়; বরং তা কৃষি উৎপাদন, ঋতুর পুনরাবৃত্তি এবং প্রকৃতির অনিশ্চয়তার সাথে যুক্ত এক সামাজিক সময়বোধ, যা গ্রামীণ জীবনের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়েই অর্থবহ করে তোলে সাধারণ মানুষরা।
গ. শারীরিক সক্ষমতা ও জৈবিক পরিবর্তনের সূচক
তৃণমূলে বয়সের সবচেয়ে বড় প্রমাণ হলো শরীর। শারীরিক সক্ষমতা বা অক্ষমতা দিয়ে বয়স নির্ধারণ করার চেষ্টা করা হয়। যেমন—দাঁত পড়ে যাওয়া, ঠিকমত হাঁটাচলা না করতে পারা বা দৃষ্টিশক্তি কমে আসা মানেই তিনি বৃদ্ধ। একসময় স্কুলে ভর্তির বয়স নির্ধারণে “হাত ঘুরিয়ে কান ধরা”র পদ্ধতি ছিল প্রচলিত। আবার অনেকেই মজা করে বলে, “অর্ধেক কবরে চলে গেছে বা এক পা কবরে চলে গেছে”। অনেকক্ষেত্রে ব্যক্তি নিজের বয়স ব্যাখ্যা করে শারীরিক পরিবর্তন উল্লেখ করে, যেমন “তখন আমি এক বিঘা জমি একাই চাষ করতে পারতাম” বা “এখন আর আগের মতো শক্তি নেই।” আবার শারীরিক গঠন দেখেও মানুষ বুঝার চেষ্টা করে একজন ব্যক্তি বয়সের কোন পর্যায়ে আছে—শিশু, কিশোর নাকি প্রাপ্তবয়স্ক। এর ফলে বয়স এখানে একটি স্থির সংখ্যাগত মানের বদলে জীবনচক্রের সাথে যুক্ত এক গতিশীল জৈবিক ও সামাজিক বাস্তবতা হিসেবে প্রতীয়মান হয়।
ঘ. পারিবারিক ও সামাজিক তুলনাভিত্তিক হিসাব
গ্রামের মানুষ প্রায়ই বলে, “ও আমার পিঠাপিঠি ছোট” বা “আমরা একসাথে স্কুলে যেতাম, খেলাধূলা করতাম, পুকুরে ঝাঁপ দিতাম।” এই সমবয়সী খোঁজা বা একইসাথে বড় হওয়ার স্মৃতিই তাদের কাছে বয়সের প্রমাণ। কিন্তু বিপত্তি বাঁধে তখন, যখন এনআইডি কার্ডের তথ্যে দেখা যায়—বাস্তবে যে বড় ভাই, কার্ডে তার বয়স ছোট ভাইয়ের চেয়ে কম হয়ে গেছে। স্থানীয়ভাবে এটি হাসির খোরাক হলেও, সরকারি সুবিধা (যেমন বয়স্ক ভাতা) পাওয়ার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কার্ডে বয়স কম থাকায় হয়তো বড় ভাই ভাতা পাচ্ছে না; অথচ ছোট ভাই কার্ডের বয়সের জেরে সুবিধা পেয়ে যাচ্ছে।
আবার তৃণমূল নারীদের বয়স নির্ধারণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বড় ছেলে-মেয়ের বয়স। এটি একটি অত্যন্ত যৌক্তিক কিন্তু অনানুষ্ঠানিক পদ্ধতি। একজন মা যখন বলেন, “আমার বড় ছেলের বয়সই তো ৫০, তাইলে আমার বয়স কি ৬৫ হবে না?” একইভাবে, নাতি-নাতনির বয়স দিয়েও নানা-দাদার বয়সও অনুমান করা হয়।
ঙ. অর্থনৈতিক স্মৃতি কিংবা বাজারদর
গ্রামের একজন বৃদ্ধ মানুষ হয়তো নিজের জন্মের সাল বলতে পারে না তবুও জোর দিয়ে বলতে পারেন, “আমি যখন বিয়ে করি, তখন ভালো মানের শাড়ি কিনছি ৫ টাকায়, আর চালের সের ছিল ৪ আনা।” আবার কেউ বলেন, “সোনার ভরি যখন ২ হাজার টাকা, তখন আমার বড় মেয়ের জন্ম।”
এই যে সোনার দাম, চাল বা ধানের দামের স্মৃতি এটি তাদের কাছে কেবল অর্থনৈতিক তথ্য নয়, এটি তাদের বয়সের শক্ত দলিল। কারণ, যারা এই দ্রব্যমূল্যের সময়কাল পার করে এসেছে এই স্মৃতিগুলো প্রমাণ করে তারা অর্থনৈতিক পরিবর্তনের সাক্ষী এবং প্রবীণ।

চ. ব্যক্তিগত স্মৃতিচারণ ও জীবনপর্ব
গ্রামের একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় “আপনার বয়স কত হলো?” তিনি উদাস দৃষ্টিতে তাকিয়ে বলবেন, “তখন তো আর এত সব স্কুল-কলেজ ছিল না, পড়ালেখা করিনি। আমি মক্তবে আমপারা পড়েছি। বয়স কত হয়েছে বলতে পারলাম না।” কিংবা তিনি বলছেন, “তখন এই সব রাস্তা কাঁচা ছিল।” এই যে মক্তবে যাওয়ার স্মৃতি আর কাঁচা রাস্তার স্মৃতি, এটাই তাদের বয়সের সার্টিফিকেট।
অনেকে বয়সের হিসাব করে খরচকৃত টাকার পরিমাণের উপরে। কোনো মুরুব্বি হাসতে হাসতে বলবেন, “তোমরা তো এখন ব্যাংকে গিয়ে, মোবাইল দিয়ে টাকা তোলা যায়, আর আমরা টিফিনের খরচ পেতাম ফুটো পয়সায় বা চার আনায়। সেই চার আনার লালচে পয়সা কিংবা কড়ি দিয়ে কেনা লজেন্সের স্বাদ যার জিহ্বায় লেগে আছে।” এই মানুষগুলো তাদের বয়সের হিসেব করেন তাদের জীবনের এই জীবন্ত স্মৃতি দিয়ে।
আবার যাতায়াত বা যানবাহনের স্মৃতিতেও লুকিয়ে থাকে বয়সের সাক্ষী। “বউ সেজে পালকিতে চড়ে শ্বশুরবাড়ি গিয়েছিলাম,” কিংবা “আমাদের সময়ে গরুর গাড়ি ছাড়া কোনো বাহন ছিল না”, “এখান থেকে শহরে যেতে ২ দিন সময় লাগতো”। এখানে বয়স মানে জীবনপথের এই বাঁকগুলো পার হয়ে আসা। যখন তাঁরা বলেন, “আমার চোখের সামনেই তো গরুর গাড়ির জায়গায় বাস এল, ট্রেন এলো আরো কত যানবাহন,” তখন বোঝা যায়, তাঁরা আসলে একেকজন জীবন্ত ইতিহাস। এই স্মৃতিগুলোই তাদের বয়সের পাল্লা ভারী করে, যা কোনো কাগজের দলিলে লেখা থাকে না।
সামাজিক ও রাষ্ট্রীয় বয়সের পার্থক্যের কারণ এবং প্রভাব
সামাজিক বা প্রকৃত বয়সের সাথে রাষ্ট্রীয় কাগজপত্রের বয়সের অসামঞ্জস্যতা বর্তমানে একটি সংকট তৈরি করেছে, যা জনসেবা প্রাপ্তি ও প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের বৈষম্য সৃষ্টি করছে। এই বয়সের তারতম্যের পেছনে অন্যতম কিছু কারণ বিদ্যমান। প্রথমত, নব্বইয়ের দশক বা তার পূর্ববর্তী সময়ে জন্মনিবন্ধনের সুযোগ না থাকায় এবং বয়স নির্ধারণের নির্দিষ্ট কোনো পদ্ধতি না থাকায় অধিকাংশ মানুষের বয়স নির্ধারণ করা হয়েছে অনুমানের ওপর ভিত্তি করে, যা জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ভুল হিসেবে রয়ে গেছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক ও পেশাগত নিরাপত্তার কথা ভেবে অভিভাবকেরা সচেতনভাবেই শিক্ষাজীবনের শুরুতে সন্তানদের বয়স কমিয়ে রাখে, যাতে ভবিষ্যতে সরকারি চাকরিতে আবেদনের জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়। তৃতীয়ত, বয়স সংশোধনের প্রশাসনিক প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ হওয়ায় দরিদ্র ও নিরক্ষর মানুষের পক্ষে তা সংশোধন করা অসম্ভব হয়ে দাঁড়ায়; ফলে অসদুপায় অবলম্বনের প্রবণতা বাড়ে। চতুর্থত, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং বাল্যবিবাহের সুবিধার্থে এবং অসদুপায় অবলম্বন করার সুযোগ থাকায় নারীদের বয়স কম-বেশি করার মত কাজ করে অনেক অভিভাবক।
কাগজপত্রে বয়সের তারতম্য ব্যক্তির পাশাপাশি রাষ্ট্রকে বহুমুখী সংকটের মুখে ফেলে। ব্যক্তিগত লাভের আশায় করা এই তারতম্য রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দেয়। বয়স কমিয়ে সরকারি চাকরিতে প্রবেশের ফলে রাষ্ট্রকে ওই ব্যক্তির জন্য অতিরিক্ত সময়ের বেতন-ভাতা ও বর্ধিত পেনশন বহন করতে হয় যা অর্থনৈতিকভাবে রাষ্ট্রের উপর চাপ বাড়ায়। অন্যদিকে, বয়োজ্যেষ্ঠরা চাকরিতে বহাল থাকায় তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয় এবং বেকারত্ব বাড়ে।
বিচার ও সামাজিক ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। অনেক অপরাধী বয়স কমিয়ে ‘কিশোর’ সেজে লঘু শাস্তির সুযোগ নেয়, যা আইনের শাসনের পরিপন্থী। আবার প্রকৃত বয়স থেকে দালিলিক বয়স কম থাকায় অনেকসময় প্রকৃত সেবা প্রার্থীরা তাদের সেবার অধিকার থেকে বঞ্চিত হয়। এছাড়া বয়স তারতম্যের সুযোগ বাল্যবিবাহের মত অপরাধকে উৎসাহিত করে, যা মাতৃ ও শিশুস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। শিক্ষাক্ষেত্রেও এটি অসম প্রতিযোগিতা তৈরি করে মেধার অবমূল্যায়ন ঘটায়। এছড়াও জাতীয় পর্যায়ে তারতম্যপূর্ণ বয়সের তথ্যের কারণে আদমশুমারি ও উন্নয়ন পরিকল্পনা ত্রুটিপূর্ণ হয়।

বয়স নির্ধারণে আগামীর পথরেখা
বয়স কেবল একটি গাণিতিক সংখ্যা নয়, বরং এটি রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে দালিলিক বয়স এবং প্রকৃত বয়সের মধ্যে যে বিস্তর ফারাক তৈরি হচ্ছে, তা নিরসনে নীতিমালা পুনর্বিবেচনায় আনা জরুরি। ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জনবান্ধব কাঠামো তৈরির জন্য নিম্নোক্ত সুপারিশগুলো বিবেচনা করা প্রয়োজন:
প্রথমত, বয়স নির্ধারণ প্রক্রিয়াটিকে আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। কেবল সনদের ওপর নির্ভর না করে, গ্রামীণ মানুষের স্থানীয় জ্ঞান ও স্মৃতির সমন্বয় ঘটানোকে গুরুত্ব দেয়া জরুরি। স্থানীয় মানুষ লৌকিক যে পদ্ধতিতে বয়স হিসাব করে, তাকে রাষ্ট্রীয় যাচাইকরণ প্রক্রিয়ায় ‘সহায়ক উপাত্ত’ বা ‘সেকেন্ডারি ডেটা’ হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, বয়স যাচাই বা সংশোধনের ক্ষেত্রে স্থানীয় কমিউনিটি প্রতিনিধির সাক্ষ্য যেমন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক বা প্রবীণদের মতামতকে দালিলিক প্রমাণের পরিপূরক হিসেবে কাজে লাগানো যেতে পারে। তৃতীয়ত, জাতীয় পরিচয়পত্রের ভুল বয়স সংশোধনের আমলাতান্ত্রিক জটিলতা সাধারণ মানুষকে দুর্নীতির দিকে ঠেলে দেয় যা একইসাথে অনিয়মতান্ত্রিকভাবে বয়স কমানোর জন্য সুযোগ তৈরি করে। তাই সংশোধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের প্রয়োগকে জোরদার করা উচিত যাতে মানুষ সহজেই সেবাটি পায়।
বয়স নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদার মূল ভিত্তি। সামাজিক বয়স ও রাষ্ট্রীয় দালিলিক বয়সের ব্যবধান প্রমাণ করে যে, কেবল সরকারি কাগুজে নথির ওপর নির্ভরতা অনেক সময় স্থানীয় বাস্তবতাকে উপেক্ষা করে। এর ফলে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষিতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে মানুষের স্মৃতি, স্থানীয় জ্ঞান ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে বয়স নির্ধারণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা জরুরি। রাষ্ট্রীয় আইন ও সামাজিক বাস্তবতার সুষম সমন্বয় ভবিষ্যতে একটি স্বচ্ছ, নির্ভুল ও জনবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সম্ভব করবে বলে আশা করা যায়।