বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন মানেই কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি আস্থা, অংশগ্রহণ ও রাষ্ট্রের ভবিষ্যৎ গতিপথের সঙ্গেও সম্পর্কিত। দীর্ঘদিন পর আবারও ভোট দেওয়ার সুযোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে। তবে বাস্তবে এই নির্বাচনকেন্দ্রিক আলোচনায় প্রার্থী ও দলই প্রধান হয়ে ওঠে; ভোটের প্রক্রিয়ার অর্থ, কাঠামোগত গুরুত্ব ও নাগরিক অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক দিক অনেকসময় আড়ালে হয়ে যায়।
এই প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের আলোচনা নির্বাচন প্রক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করেছে। একদিকে এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিকদের সরাসরি মতামত জানানোর সুযোগ তৈরি করতে পারে, যা প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের পরিসরকে সম্প্রসারিত করার সম্ভাবনা রাখে। অন্যদিকে, বাস্তব প্রয়োগের ক্ষেত্রে এর প্রস্তুতি, জনবোঝাপড়া ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগও সামনে আসছে।
গণভোট মূলত রাষ্ট্রীয় বা সাংবিধানিক গুরুত্বসম্পন্ন কোনো বিষয়ে জনগণের মতামত জানার একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি। তবে বাংলাদেশের বাস্তবতায় প্রশ্ন থেকে যায়, আমাদের সমাজে প্রয়োজনীয় নাগরিক শিক্ষা, তথ্যপ্রবাহ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে উঠেছে কিনা, যা এই ধরনের একটি প্রক্রিয়াকে অর্থবহ ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন করতে পারে? এই প্রশ্নের উত্তরে গ্রামাঞ্চলের বাস্তবতা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। মাঠপর্যায়ে দেখা যায়, অনেক মানুষের কাছেই গণভোটের মৌলিক ধারণা অস্পষ্ট এবং তারা এটিকে প্রায়ই জাতীয় নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলছেন। ফলে গণভোটের উদ্দেশ্য ও কাঠামো সম্পর্কে পরিষ্কার বোঝাপড়া তৈরি না হলে এই প্রক্রিয়া সচেতন নাগরিক মতামতের প্রতিফলন না হয়ে বিভ্রান্তি বা প্রভাবিত সিদ্ধান্তের ঝুঁকি তৈরি করতে পারে। পর্যাপ্ত নাগরিক শিক্ষা ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ ছাড়া গণভোট আয়োজন করলে তার গণতান্ত্রিক তাৎপর্যও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে।
মাঠপর্যায়ের অভিজ্ঞতা দেখায়, এই সম্ভাবনা বাস্তবায়নের পথে বড় বাধা এখনো রয়ে গেছে। সম্প্রতি গণভোট বিষয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললে দেখা যায়, তাদের অনেকে জানেনই না গণভোট কেন হচ্ছে, কিংবা “হ্যাঁ বা “না” ভোট দিলে বাস্তবে কী ধরনের পরিবর্তন আসতে পারে। সাধারণ মানুষের কাছে গণভোট অনেক সময় একটি অস্পষ্ট প্রক্রিয়া, যেখানে মাত্র দুটি বিকল্পের মধ্যে যে কোন একটিকে বেছে নিতে বলা হচ্ছে। তাদের কাছে এর রাজনৈতিক ও সাংবিধানিক তাৎপর্য পরিষ্কার নয়।
গ্রামের চায়ের দোকান, কিংবা বাজারের আড্ডায় গণভোট নিয়ে মানুষের নিজস্ব ব্যাখ্যা ও ধারণা শোনা যায়। এসব আলোচনায় অনেকসময় বাস্তব তথ্যের চেয়ে গুজব, আশঙ্কা ও ভুল বোঝাবুঝিই বেশি প্রাধান্য পায়।
পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামের এক কৃষক বলেন: “গণভোটে হ্যাঁ দিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংবিধান থেকে মুছে যাবে।” এই আশঙ্কা থেকেই তিনি আগেভাগেই “না” ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে পঞ্চগড়ের সীমান্তবর্তী গ্রামের এক নারী ভোটার মনে করেন গণভোটে “হ্যাঁ” দিলে দেশে আর নিয়মিত নির্বাচন হবে না; একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাবেন এবং নতুন করে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।
এই ধরনের বিভ্রান্তি কি কেবল পঞ্চগড় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ? বাস্তবতা হলো, এটি দেশের বিভিন্ন প্রান্তে প্রায় একইভাবে প্রতিফলিত হচ্ছে। ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণে কোন কোন বিষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে—এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (BIGD), ব্র্যাক বিশ্ববিদ্যালয় মানুষের ভোট-আচরণ, চিন্তাধারা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক গবেষণা পরিচালনা করছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, পাবনা, বরিশাল, সুনামগঞ্জ ও পঞ্চগড়—ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ভিন্ন এই এলাকাগুলোতে পরিচালিত গবেষণার প্রথমিক ফলাফল ইঙ্গিত দেয় যে, গণভোট সম্পর্কে মানুষের ধারণা প্রায় অভিন্ন।
ফলে ভোট দেওয়ার সিদ্ধান্ত অনেকক্ষেত্রেই তথ্যভিত্তিক বিশ্লেষণের ওপর নয়, বরং ব্যক্তিগত আশঙ্কা, গুজব, স্থানীয় আড্ডায় শোনা কথা কিংবা রাজনৈতিক অনাস্থার ওপর নির্ভর করছে। মাঠপর্যায়ের অভিজ্ঞতার দিকে দেখলে বোঝা যায়, গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পর্কে নাগরিকদের মধ্যে এখনো যে মৌলিক ধারণাগত ঘাটতি রয়ে গেছে, তা কেবল স্থানীয় কোনো বিচ্ছিন্ন বাস্তবতা নয়, বরং একটি জাতীয় প্রবণতা।
অন্যদিকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। এই লক্ষ্যে ছয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দের কথাও আলোচনায় এসেছে। মাঠপর্যায়ে এর কিছু উদ্যোগ চোখে পড়লেও প্রচারণার প্রভাব এখনো সীমিত বলেই প্রতীয়মান হয়। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, গণভোটের প্রচারণার জন্য মাইকিং করা হচ্ছে। তবে, মাইকিং হচ্ছে মূলত হাট–বাজারে বা তার আশেপাশের এলাকাতে। ফলে শহর বা বাজারে আসা মানুষ গণভোট সম্পর্কে কিছুটা জানলেও প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে এই বার্তা খুব কমই পৌঁছাচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কেবল ব্যানার টানানো হয়েছে, যা অধিকাংশ ক্ষেত্রেই আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। শুধু সরকারি প্রচারণার সীমাবদ্ধতাই নয়, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর বার্তার অসামঞ্জস্যও গণভোটকে ঘিরে সাধারণ মানুষের বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও বার্তার ধারাবাহিকতা ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপি শুরু থেকেই প্রকাশ্যে “না” ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এসেছে। এই অবস্থান দলীয় কর্মসূচি, বক্তব্য ও অনলাইন ক্যাম্পেইনে স্পষ্ট ছিল। তবে ভোটের আগ মুহূর্তে, ৩০ জানুয়ারি রংপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালান, যা দলীয় অবস্থানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে আলোচনায় আসে।
এই পরিবর্তনের প্রভাব সীমিত হয়ে পড়ে মূলত সময়ের কারণে। কারণ এর আগেই প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেছেন। ফলে তারা দলীয় অবস্থানের এই পরিবর্তনের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত মিলিয়ে নেওয়ার সুযোগ পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, যা রাজনৈতিক বার্তার সময়োপযোগিতা ও সমন্বয়ের গুরুত্বকে সামনে আনে। এই অভিজ্ঞতা দেখায়, গণভোটের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় রাজনৈতিক নেতৃত্বের সুস্পষ্ট ও ধারাবাহিক বার্তা ভোটারদের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ।
তাই প্রশ্ন ওঠে—এই পরিস্থিতিতে কী ধরনের উদ্যোগ নিলে গণভোট সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক ও সচেতন নাগরিক মতামতের প্রতিফলন ঘটাতে পারে? এমতাবস্থায় তৃণমূলভিত্তিক নাগরিক শিক্ষা কর্মসূচি জোরদার করা জরুরি। গণভোট কী, কেন হচ্ছে এবং “হ্যাঁ” বা “না” ভোটের সম্ভাব্য প্রভাব কী—এসব বিষয় সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছাতে হবে। শুধু পোস্টার বা ব্যানারে সীমাবদ্ধ না থেকে গ্রামসভা, উঠান বৈঠক, বাজার বা হাটে ছোট আকারের আলোচনা কার্যকর হতে পারে।
তবে গণভোটের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আস্থার সংকট বিদ্যমান। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক, অংশগ্রহণের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক মেরুকরণ সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়ার উদ্যোগ রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার দূরত্ব কমাতে পারে। সঠিকভাবে আয়োজন করা গেলে গণভোট নাগরিকদের কাছে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলতে পারে। এই বাস্তবতায় প্রশ্ন থেকে যায়—যেখানে মানুষ এখনো জানে না কেন গণভোট হচ্ছে, কিংবা “হ্যাঁ” বা “না” ভোট দিলে কী পরিবর্তন আসবে, সেখানে গণভোট কতটা সচেতন ও অর্থবহ নাগরিক মতামতের প্রতিফলন ঘটাতে পারবে?